ভারতীয় এয়ারলাইনস ইন্ডিগোর এজেন্সি সিস্টেম হ্যাক করে কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ইউনিট। তাঁরা হলেন রাশেদুল ইসলাম (২৯) ও আব্দুল্লাহ আল নোমান ওরফে মিরাজ (২৪)। রাজধানীর নয়াপল্টন এলাকা থেকে বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সাইবার ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিমের সহকারী কমিশনার (এসি) ধ্রুব জ্যোতির্ময় গোপ বলেন, ইন্ডিগোর জেনারেল সেলস এজেন্ট হিসেবে রেনেসা এভিয়েশন সার্ভিসেস লিমিটেড বাংলাদেশে ব্যবসা পরিচালনা করে। গত ১৬ মে-৩১ মে সেলস রিপোর্ট পর্যালোচনা করতে গিয়ে তারা দেখে, ফাতিন এয়ার সার্ভিসেস নামে তাদের একটি এজেন্সি বাংলাদেশ ও নেপাল থেকে এক কোটি ছয় লাখ টাকার অপ্রত্যাশিত সংখ্যক টিকিট ইস্যু করেছে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ইন্টারনাল সিস্টেম ও ব্যাংক স্টেটমেন্ট পর্যালোচনা করে তাঁরা দেখতে পান, ফাতিন এয়ার সার্ভিসেস লিমিটেড তিন বছর ধরে ইন্ডিগোর সার্ভিস ব্যবহার করে কোনো টিকিট ইস্যু করেনি। এ ঘটনায় গত ১৩ জুন বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। এরপর এয়ারলাইনস প্রতিষ্ঠান ইন্ডিগোর সার্ভারের তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অজ্ঞাতপরিচয় হ্যাকারদের শনাক্ত করা হয়।
Leave a Reply