বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকে (বিআরটিসি) লাভের ধারা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সকালে সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী। সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শুধু লাভের ধারা অব্যাহত রাখলেই হবে না, বিআরটিসির যাত্রীসেবার মানও উন্নত করতে হবে। বিআরটিসিকে আধুনিক পরিবহনে রূপান্তর করতে হবে। বিআরটিসির সব বাস ও ট্রাকে ভেহিকল ট্রাকিং সিস্টেম চালু করারও নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ধারাবাহিকভাবে লোকসান গুনে আসা বিআরটিসি লাভের মুখ দেখে ২০২০-২১ অর্থবছর। ওই অর্থবছর যাত্রী ও পণ্য পরিবহন বাবদ সংস্থাটি আয় করে ৩২৪ কোটি ৪৬ লাখ টাকা। বিপরীতে পরিচালন বাবদ ব্যয় হয় ২৯৯ কোটি ৬৮ লাখ টাকা। মুনাফা হয় ২৪ কোটি ৭৮ লাখ টাকা।
২০২০-২১ অর্থবছরে বিআরটিসি সবচেয়ে বেশি মুনাফা করে ২০২১ সালের মার্চে। ওই মাসে আয় হয় ৩৬ কোটি ৭৯ লাখ টাকা। বিপরীতে ব্যয় হয় ৩২ কোটি ৪৩ লাখ টাকা। মুনাফা হয় ৪ কোটি ৩৬ লাখ টাকা। মাসভিত্তিক আয়-ব্যয় বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে কেবল ২০২০ সালের জুলাইয়ে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় বিআরটিসির। কভিড মহামারীর কারণে যান চলাচলে বিধিনিষেধ থাকায় ওই মাসে ২ কোটি ৭৭ লাখ টাকা লোকসান হয় সংস্থাটির।
Leave a Reply