বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে প্রথম স্থান অর্জন করেছে দুবাই। মোবাইল ফোন অ্যাপ টিকটকের ভ্রমণসূচক ২০২২ প্রকাশ করেছে বাউন্স। এতে জরিপে অংশগ্রহণকারীদের ভোটে ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শহর হিসেবে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের নাম। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। এই জরিপটি পরিচালনা করেছে আন্তর্জাতিক লাগেজ কম্পানি বাউন্স।
গতকাল বুধবার বিবৃতিতে জরিপের ফল ঘোষণা করে কম্পানি। সেখানে বলা হয়, বিশ্বের ১৪০টি শহরের টিকটক ব্যবহারকারীরা এতে অংশ নিয়েছে। এর মধ্যে ৮১.৮ বিলিয়ন ভিউ (পয়েন্ট) পেয়ে ভ্রমণের জন্য জনপ্রিয় শহরের তালিকায় শীর্ষে উঠেছে দুবাই। তালিকায় দ্বিতীয় নিউ ইয়র্ক সিটি ও তৃতীয় লন্ডন পেয়েছে যথাক্রমে ৫৯.৫ বিলিয়ন ভিউ এবং ৩৬.৮ বিলিয়ন ভিউ।

‘সম্পদ ও বিলাসব্যসনের প্রতিশব্দ হয়ে ওঠা দুবাই বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের মন জয় করে নিচ্ছে। ছুটির অবসরে দুবাইয়ে নিজের মতো আরামে সূর্যালোক উপভোগ করতে চান—এমন লোকজনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে,’ বিবৃতিতে উল্লেখ করে বাউন্স কর্তৃপক্ষ।
‘টিকটক ট্রাভেল ইনডেক্স ২০২২’ তালিকায় ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০টি শহরের তালিকা প্রকাশ করা হয়। জরিপে অংশ নেওয়া টিকটক ব্যবহারকারীদের পছন্দের তালিকায় থাকা বাকি সাত শহর হলো ইস্তাম্বুল (৩৪ বিলিয়ন ভিউ), প্যারিস (৩৩ বিলিয়ন ভিউ), মিয়ামি (২৪.৬ বিলিয়ন ভিউ), লস অ্যাঞ্জেলেস (২০.৮ বিলিয়ন ভিউ), শিকাগো (১৭.৯ বিলিয়ন ভিউ), টরন্টো (১৭.১ বিলিয়ন ভিউ) এবং মাদ্রিদ (১৬ বিলিয়ন ভিউ)। সূত্র : খালিজ টাইমস।
Leave a Reply