চট্টগ্রামে ট্রেইলারের ধাক্কায় দুজন প্রাইভেট কার আরোহী নিহত হয়েছেন। এছাড়া প্রাইভেটকারে থাকা আরো দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছেন। গতকাল বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নগরের সাগরপাড় সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ওয়াই জংশন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কারটি ধুমড়ে-মুচড়ে যায়। নিহতরা হলেন- মোহাম্মদ নাসির (৪০) ও কামাল হোসেন (৪৫)। তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে।
আহত অপর দুজনের মধ্যে ইসমাইল হোসেন (৬৫) নামে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

নগর পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, প্রাইভেট কারটি নগরের পতেঙ্গা থেকে সীতাকুণ্ড যাচ্ছিল। মেরিন ড্রাইভ সড়কের ওয়াই জংশন এলাকায় চট্টগ্রাম বন্দরমুখী একটি ট্রেইলরের ধাক্কায় কারটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর ট্রেইলার চালক পলাতক রয়েছে।
নগরের পাহাড়তরী থানা পুলিশ জানায়, আহত চারজনের মধ্যে নাসির ও ইসমাইলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে নাসিরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইসমাইলকে ১৯ নম্বর নাক-কান গলা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত অপর দুজনকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়ার পর কামালকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
Leave a Reply