রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, বিদেশিরা যেভাবে রেল থেকে আয় করে, বাংলাদেশ রেলওয়েও বহুমুখী আয়ের জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। রেলের অপটিক্যাল ফাইবার লিজ দেওয়া রেলের আয় বৃদ্ধি কার্যক্রমের একটি অংশ।

গতকাল রেল ভবনে পাঁচটি কম্পানির সঙ্গে রেলওয়ের অপটিক্যাল ফাইবার লিজ দেওয়া শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘রেল জনগণের বাহন। জনগণকে জানানোর উদ্দেশ্যে, স্বচ্ছতা বজায় রাখার জন্য আমরা প্রকাশ্যে চুক্তি করছি। রেলওয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি ভর্তুকি দিয়ে চলছে। রেলের অনেক সম্পদ আছে। আমরা সেখান থেকে আয় বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।’ রেলওয়ের দৈনন্দিন রেল পরিচালনায় টেলিযোগাযোগব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুটি স্টেশনের মধ্যে লাইন ক্লিয়ার আদান-প্রদানে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিযোগাযোগব্যবস্থা স্থাপন করা হয়। দেশে সর্বপ্রথম ১৯৮৪ সালে রেলের মাধ্যমে অপটিক্যাল ফাইবার স্থাপন করা হয়।
Leave a Reply