হাতুড়ির এক আঘাতেই ভেঙে
যায় প্লাস্টিকের হেলমেট
আগামী ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষে সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জনসচেতনতা ও নিরাপদ সড়ক নিশ্চিতের দাবিতে এই সমাবেশ করেন তাঁরা। নিরাপদ সড়ক চাই (নিসচা) ঢাবি শাখা এটি আয়োজন করে।
এ সময় সাধারণ হেলমেট কতটুকু অনিরাপদ তা বোঝাতে একটি হেলমেট প্রদর্শনী করা হয়। এতে দেখা যায়, হাতুড়ির এক আঘাতেই সাধারণ হেলমেটগুলো সহজে ভেঙে যায়।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন গাড়ির গতি নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব দিয়ে বলেন, ‘যত গতি তত ক্ষতি। গতিকে মারো, জীবনকে নয়।’ নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, আনফিট গাড়ি নিষিদ্ধ করা, অপরাধ করলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং রাস্তা পারাপারে পথচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারলে দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে।
ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘সড়ক আইনের দুর্বলতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। শিক্ষার্থীরা ২০১৮ সালেও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছেন। এর পরে সরকার সড়ক আইন ২০১৮ পাস করেছে। এই আইনের সব দিক যেন বাস্তবায়ন করা হয় আমরা সেই দাবি জানাচ্ছি।’
সমাবেশে আরো বক্তব্য দেন ঢাবি শাখা ‘নিরাপদ সড়ক চাই’ কমিটির সদস্যসচিব এনামুল হক এবং আহ্বায়ক রিফাত শাওন।
Leave a Reply