
সীমিত পরিসরে বাণিজ্যিক চলাচল শুরু হওয়া বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশে স্টেশন রয়েছে নয়টি। এর সাতটি এরই মধ্যে চালু হয়েছে। আগামীকাল ৩১ মার্চ চালু হবে বাকি দুই স্টেশন—শেওড়া পাড়া ও উত্তরা দক্ষিণ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১৫ মার্চ চালু হয় মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন। ডিএমটিসিএলের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচলের সময়সূচিতে আপাতত কোনো পরিবর্তন আসছে না। আগামী জুলাই থেকে পুরোদমে মেট্রোরেল পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তখন প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত ট্রেন চালানো হবে।

গত ৯ মার্চ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছিলেন, গত বছরের ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিক চলাচল শুরুর পর থেকে ৯ মার্চ পর্যন্ত মেট্রোরেলে ৭ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। রাজস্ব আয় হয়েছে ৪ কোটি ৭৬ লাখ টাকা।
Leave a Reply