পদ্মা সেতুতে সরকারি নির্দেশনা অমান্য করে লেন পরিবর্তনসহ নানা অনিয়ম করে জরিমানার মুখে পড়েছেন অন্তত ২৩ বাইকার। গতকাল রোববার (২৩ এপ্রিল) পদ্মা সেতু পার হওয়ার সময় তাদের ৭১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক হ্যান্ড মেশিনে মামলার স্লিপ দেয়া হয়।

ঈদের পর দিন সকাল থেকে পদ্মা সেতুতে বাইকের ভিড়। নির্দিষ্ট লেনে লম্বা লাইন ধরে সেতু অতিক্রম করছে বাইকাররা। আর মূল লেনে চলছে অন্য যানবাহন। তবে, কেউ কেউ লাইন ব্রেক করে বাইকারদের লেন ক্রস করে মূল লেনে উঠে যান। কিন্তু পুলিশের চোখকে ফাঁকি দেয়া সম্ভব হয়নি। নিয়ম ভঙ্গ করে সার্ভিস লেন অতিক্রম করায় ৩ হাজার টাকা জরিমানা গুণতে হয় এক বাইকারকে। যদিও পরে ভুল স্বীকার করে নেন তিনি।

মুন্সীগঞ্জের ট্রাফিক ইন্সপেক্টর(প্রশাসন) বজলুর রহমান বলেন, সার্ভিস লেন থেকে বাইক মূল লেনে উঠে এলেই দুর্ঘটনার আশঙ্কা থাকে, তাই সজাগ আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, লেন ক্রস করায় ২২ বাইকারকে তিন হাজার টাকা করে এবং একজনকে ড্রাইভিং লাইসেন্স না থাকার পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পুলিশ সুপার মো মাহফুজুর রহমান আল মামুন বলেছেন, শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না। সবাইকে নিয়ম মেনেই চলতে হবে। অন্যথায় শাস্তির আওতায় আনা হবে। পুলিশ তৎপর রয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
২০ এপ্রিল সকাল ৬টা থেকে ২৩ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত পারাপার হয় ২৯ হাজার ৪৮টি মোটরসাইকেল। ২৩ জন বাইকারকে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ঈদের আগের দিন ৯ বাইকারকে ২৭ হাজার টাকা এবং ঈদের দিন ৩ বাইকারকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে তিন দিনে সর্বমোট ৩৫ বাইকারকে ১ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply