অনিয়মিত গাড়ি চলাচলে
ট্রান্স সিলভার অনুমতি বাতিল
চলতি বছরেই ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত করা হবে। একই সঙ্গে অনিয়মিত গাড়ি চলাচল ও যথাযথ সেবা দিতে ব্যর্থ হওয়ায় ট্রান্স সিলভার অনুমতি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৭তম সভা শেষে এ তথ্য জানান তিনি।
শেখ ফজলে নূর তাপস বলেন, যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই মূলত চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনের বহরে ১০০টি বৈদ্যুতিক বাস সংযোজন করা হবে। এ ছাড়া নগর পরিবহনে যাত্রী সেবার মান অক্ষুণ্ন রাখা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নির্ধারিত বেতন দিয়ে শ্রমিকদের নিয়োগ দিতে হবে। কারণ বেতন ছাড়া চললে অতিরিক্ত কাজ করে আয়ের জন্য সে জীবন দিচ্ছে। সে জন্য নির্ধারিত বেতন ও সুযোগ-সুবিধা দিতে হবে শ্রমিকদের। এ জন্য শ্রমিক প্রতিনিধিরাও রয়েছেন আমাদের কমিটিতে।

মেয়র বলেন, ‘২১ নম্বর যাত্রাপথে ট্রান্স সিলভা পরিবহনের অনুমতি বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিআরটিসি দায়িত্ব নেবে। এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিয়েছি। ট্রান্স সিলভার এ রুটের যেসব বাস দেওয়ার কথা ছিল সেগুলো জব্দ হবে।’
এর আগের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, বাস রুট রেশনালাইজেশনের আওতায় ঢাকা নগর পরিবহনের নতুন ২৪ ও ২৫ নম্বর রুটে ৫০টি বাস চলাচল করবে। ঘাটারচর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত পৃথক এই দুটি সার্কুলার রুটে বাস সার্ভিস চালু হলে মেট্রো রেলের সঙ্গে যাত্রীদের কানেক্টিভিটি বাড়বে বলে জানানো হয়েছিল।
গতকালের সভায় ২৪, ২৫, ২৭ ও ২৮ নম্বর রুটে নতুন টেন্ডার আহবান করার সিদ্ধান্ত নিয়েছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। এ সম্পর্কে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘২৪, ২৫, ২৭ ও ২৮ নম্বর রুটের জন্য একসঙ্গে টেন্ডার আহবান করেছি। এর মাধ্যমে আমাদের গ্রিন ক্লাস্টারের ফলাফল কী দাঁড়ায়, তা দেখা হবে।’
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন ও বাংলাদেশ পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
Leave a Reply