
গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছে বিবিধ খাতের কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেডের। এদিন কোম্পানিটির প্রায় ৩৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, গতকাল বিএসসির মোট ২৭ লাখ ৭৫ হাজার ১৫৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩৬ কোটি ৬৯ লাখ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার ১৩০ টাকা ৮০ থেকে ১৩৩ টাকা ৫০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর দাঁড়িয়েছে ১৩২ টাকা ৫০ পয়সায়। গত এক বছরে এ শেয়ার ১০৪ টাকা ৪০ পয়সা থেকে ১৭৩ টাকার মধ্যে লেনদেন হয়েছে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রিত আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ২৮ পয়সা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১৩ পয়সা ১ দশমিক ৫৫ শতাংশ। আর সর্বশেষ দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৯৪ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৯ টাকা ৯৭ পয়সায়।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিএসসি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৫ কোটি ৮১ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ কোটি ৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১৩ দশমিক ৪৯ শতাংশ। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৭২ টাকা ৫২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬০ টাকা ২৮ পয়সা।
Leave a Reply