চলতি বছরের অক্টোবরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন ঘোষণা করবেন। এ জন্য প্রকল্পের কার্যক্রম জোরেশোরে চলছে। ঈদের ছুটিতেও কাজ করছেন তিন-চার হাজার শ্রমিক। তবে আগামী বছরের শেষ থেকে এর সুবিধা পাবেন যাত্রীরা। গতকাল মঙ্গলবার শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় নির্মাণকাজের অগ্রগতি নিয়ে বেবিচক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
মফিদুর রহমান বলেন, এই টার্মিনালের ৭৭ শতাংশ কাজ শেষ হয়েছে। অক্টোবরের আগেই ৯০ শতাংশ সম্পন্ন হবে। তবে প্রকল্পে আপাতত অতিরিক্ত কোনো অর্থ লাগছে না।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং জাইকাকে দেওয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে টার্মস অ্যান্ড কন্ডিশন কী হবে, তা নিয়ে আলোচনা হচ্ছে। পিপিপিতে পরিচালনায় গেলেও সিদ্ধান্ত হতে ২০২৪ সালের মাঝামাঝি সময় লাগবে। সরকার দ্রুততম সময়ের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে চায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেবিচকের প্রধান প্রকৌশলী আবদুল মালেক, প্রকল্প পরিচালক মাকসুদুর রহমানসহ প্রকল্পসংশ্লিষ্ট দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
Leave a Reply