চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে রেসিংয়ে অংশ নেওয়া পাঁচটি গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন কোতোয়ালি থানার আলকরন রোডের মো. আশরাফুল হক ও বাকলিয়া তুলাতুলি এলাকার মো. এমরান উদ্দিন।

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, টানেল কর্তৃপক্ষের মামলা করার পর থেকেই দোষীদের গ্রেপ্তার ও গাড়ি জব্দে কাজ শুরু করে পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি গাড়ি জব্দ করা হয়েছে। অন্য দুটি গাড়িও জব্দ করা হবে। এরই মধ্যে কার রেসিংয়ের ঘটনায় মামলার আসামিদের মধ্যে পাঁচজন আদালত থেকে জামিন নিয়েছেন।
গত ২৯ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কয়েকটি রেসিং কার প্রবেশ করে টানেলের সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে গাড়িগুলো রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে ১ নভেম্বর টানেল কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইনে কর্ণফুলী থানায় মামলা করে।
Leave a Reply