রেললাইনের ফিসপ্লেট ক্লিপ খুলে নাশকতার চেষ্টা। এলাকাবাসীর প্রতিরোধে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চিলাহাটি-খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন।

ঘটনাটি বুধবার রাত ১০টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোকরা গ্রামের প্রধানপাড়া দোলা এলাকায় ঘটে। এ ঘটনায় ডোমার-চিলাহাটি পথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
এলাকাবাসী জানায়, রাতে ওই এলাকায় রেললাইনের লোহা লস্কর খোলানোর শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে একদল দুষ্কৃতিকারীকে রেললাইনের ফিসপ্লেট পিন খুলতে দেখা গেলে লোকজন জোটবদ্ধ হয়ে ধাওয়া করে। এ সময় পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা।

ওই গ্রামের রাজেশ্বর রায় (৩০) বলেন, ‘ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে তিন থেকে চার শ লোকজন উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্নভাবে সংকেত দিতে থাকলে ট্রেনটি থেমে যায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।
বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, ‘এলাকাবাসীর ধাওয়ায় দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২ পিস ফিসপ্লেট ক্লিপ উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি’।
জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখোয়াৎ হোসেন বাবু বলেন, ‘ঘটনাটি আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ফিসপ্লেট ক্লিপ খেলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি’।
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অপরদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র একপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে’।
Leave a Reply