বিশ এবং সাড়ে বাইশ ইঞ্চি (২০x২২.৫) ব্যাসার্ধ্যের ট্রাক টায়ারের উৎপাদন বাড়াচ্ছে বিশ্বের চতুর্থ শীর্ষ টায়ার ব্র্যান্ড কন্টিনেন্টাল। দেশীয় এবং বিদেশী বাজারে সরবরাহ বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি সংস্থা ও প্রিমিয়াম টায়ার প্রস্তুতকারক কন্টিনেন্টাল গত বুধবার ভারতের উত্তর প্রদেশের মোদিপুরম প্লান্টে ট্রাকের টায়ার উৎপাদন ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। সূত্র : ইকোনমিক টাইমস।

কন্টিনেন্টাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৮ মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। উৎপাদন ক্ষমতা সম্প্রসারণের উদ্যোগের ফলে প্ল্যান্টে উৎপাদিত ট্রাক ও বাসের রেডিয়াল (টিবিআর) টায়ার এবং বিদ্যমান অন্যান্য রেঞ্জের টায়ারের সাথে ২০” এবং ২২.৫” টায়ারের উৎপাদনও বাড়বে। টায়ারের উৎপাদন ক্ষমতা বাড়ানোয় অ্যাপেক অঞ্চলে রফতানির পরিমাণও বাড়বে। তাছাড়া উৎপাদন ব্যয় কমে আসবে এবং মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে।
কন্টিনেন্টাল ইন্ডিয়ার টায়ার বিজনেসের প্রধান ক্লড ডিগামা রোজ বলেছেন, “ভারতে আমাদের টায়ার ব্যবসা প্রসারিত হচ্ছে এবং আমরা আমাদের গ্রাহকদের জন্য বিশ্বমানের পণ্য উৎপাদন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা “ইন দ্য মার্কেট, ফর দ্য মার্কেট” পদ্ধতিতে এগিয়ে চলেছি। আমাদের উৎপাদিত টায়ার ভারতের রাস্তায় ব্যবহারের উপযোগী। ব্যবসায়ী এবং যাত্রীদের জন্য প্রতিটি ক্ষেত্রেই আমাদের নানা ধরণের অফার রয়েছে। পণ্যের সাইজ এবং প্যাটার্নের ওপর ভিত্তি করে এসব অফার প্রসারিত হয়েছে। আমরা আসিয়ান, অ্যাপেক এবং দক্ষিণ আমেরিকার নির্বাচিত কিছু অঞ্চলের রফতানি চাহিদার পাশাপাশি দেশীয় চাহিদা মেটাতে আমাদের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছি।”

মোদিপুরম প্ল্যান্টে রয়েছে স্বয়ংক্রিয় ফাস্ট-লেনের টায়ার বিল্ডিং মেশিন, রাসায়নিক ডোজিং সিস্টেম, টায়ার ডাইমেনশন স্টাডিজ এবং টায়ার সিমুলেশন স্টাডিজ। কন্টিনেন্টালের পক্ষ থেকে বলা হচ্ছে, মোদিপুরম প্ল্যান্টটি ২০২১ সালের মধ্যে ক্ষতিকর তরল নির্গমনের ক্ষেত্রে শূন্যের কোঠায় চলে আসবে। ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমনও শূন্যে আনা হবে।

কন্টিনেন্টাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মোদিপুরম প্ল্যান্টের সহ-সভাপতি (উৎপাদন) কুলদীপ সিং বলেছেন, “আমরা ২০১১ সালে ভারতের বাজারে যাত্রা করেছি। মোদি রাবার লিমিটেডকে আমাদের সঙ্গে সংযুক্ত করার পর প্রাইভেট গাড়ি এবং পাবলিক যানবাহনের জন্য বিভিন্ন পণ্য বাজারে এনেছি। এক্ষেত্রে আমরা প্রভূত উন্নতি করেছি। আমরা ভারতীয় বাজারে টায়ারের রেডিয়াল রেঞ্জটি চালু করেছি। ভারতে আমরাই প্রথম এবং একমাত্র এমএনসি যারা একই জায়গায় টিবিএক্স (ট্রাক বাস / বায়াস এক্স-প্লাই), টিবিআর এবং পিএলটি টায়ারের উৎপাদন করে থাকি। আমাদের পিএলটি এবং টিবিআর সুবিধাগুলি অতীতে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হয়েছে। ট্রাক টায়ারের সর্বশেষ উৎপাদন বৃদ্ধি করা হলো। এই নিয়ে গত ছয় বছরে এ জাতীয় চতুর্থ সম্প্রসারণ হবে এটা। ”
Leave a Reply