পটুয়াখালীর কলাপাড়া-ঢাকা নৌ রুটে নিয়মিত দোতলা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলাপাড়ার ব্যবসায়ীসহ সর্বস্তরের কয়েক শ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর ২০১৯ সালের ৬ আগস্ট ঢাকা-কলাপাড়া নৌ রুটে দোতলা লঞ্চ চলাচল শুরু হয়। এরপর এ বছরের ৪ জানুয়ারি আবার তা বন্ধ হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে গত ২৪ আগস্ট আবার এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু গত ২ সেপ্টেম্বর তা আবার বন্ধ হয়ে যায়।
এ রুটে চলাচলকারী দোতলা লঞ্চ কোম্পানির স্থানীয় প্রতিনিধি তানভীর মুন্সী জানান, কলাপাড়া-ঢাকা রুটে লঞ্চ চলাচল বন্ধের দাবি জানিয়ে ঢাকার মেরিন আদালতে ঢাকা-রাঙ্গাবালী রুটের একটি লঞ্চ কোম্পানির মালিকপক্ষ মামলা দায়ের করে। যার কারণে ঢাকা-কলাপাড়া নৌ রুটে দোতলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বর্তমানে এ রুটে দোতলা লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় কলাপাড়া উপজেলার ব্যবসায়ীসহ কুয়াকাটাগামী পর্যটকেরা দুর্ভোগ পোহাচ্ছেন। তাই মানববন্ধনে বক্তারা জরুরি ভিত্তিতে ঢাকা-কলাপাড়া নৌ রুটে দোতলা লঞ্চ চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন–পরবর্তী সমাবেশে বক্তব্য দেন কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার, ব্যবসায়ী জাকির হোসেন, শেখ হাসনাত নিকেল প্রমুখ।
Leave a Reply