ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহম্মদ চৌধুরী আর নেই। রোববার রাতে ফেনী ডায়াবেটিক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর দুই দফা জানাজা শেষে পৈতৃক বাড়ি ফুলগাজী উপজেলার দক্ষিণ আনন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। আজিজ আহম্মদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এ ছাড়া শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বরেণ্য রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরী জেলা পরিষদের প্রশাসক ছিলেন। ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ১৯৭৩ থেকে ১৯৯৮ সালে ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থাকাকালে একবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। ১৯৬৪ সালে আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ১৯৭৩ সালে ছাগলনাইয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং ১৯৮৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সহসভাপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে ২০১২ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং পরে সভাপতি হন তিনি। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সভাপতি ছিলেন।
Leave a Reply