দেশি উদ্যোক্তাদের ব্লু ইকোনমি নিয়ে কাজ করার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশ্ব নৌ দিবস-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ ভবনে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এতে যোগ দেন।
নৌপরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যৌথভাবে এ সভার আয়োজন করে। ‘টেকসই নৌপরিবহন টেকসই বিশ্ব’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ বছর বিশ্ব নৌ দিবস পালিত হচ্ছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমাবেষ্টিত হওয়ায় সুনীল অর্থনীতির (ব্লু ইকোনমি) অপার সম্ভাবনা ও ভূরাজনৈতিক অবস্থান বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর বুকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। নৌপথ ও সমুদ্র অর্থনীতি আমাদের অন্যতম শক্তিশালী উৎস হিসেবে অচিরেই আত্মপ্রকাশ করবে। সুনীল অর্থনীতি পরিপূর্ণ বাস্তবায়নে আমাদেরকে কিছু কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে একটি সবল নীতি কাঠামো গঠন করা প্রয়োজন। এই কাজ সম্পাদনের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘সুনীল অর্থনীতির উন্নয়নে বিনিয়োগের বেশিরভাগই আসতে হবে বেসরকারি খাত থেকে। সুনীল অর্থনীতিতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর জন্য যথোপযুক্ত প্রণোদনা ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা গ্রহণ করা হবে। নতুন জ্ঞান, প্রযুক্তি ও বিনিয়োগ আনার জন্য সরাসরি বৈদেশিক বিনিয়োগের ভূমিকা বিস্তৃত করা হবে।’
নৌ প্রতিমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধি অর্থাৎ জীবনযাত্রার মানোন্নয়নে আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। ২০১৯-২০ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় ২০৬৪ মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বিশ্বব্যাংকের হিসাবে ১৯৭৩ সালে ছিল মাত্র ১২০ ডলার। আমাদের উন্নয়নকে বারবার বাধাপ্রাপ্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা তা কাটিয়ে উঠছি, যা দেশবাসীর কাছে দৃশ্যমান।’
নিরাপদ ও সাশ্রয়ী নৌপথ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নৌযান মালিক ও শ্রমিকদের পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, দক্ষ ও চৌকস নাবিক তৈরি করতে নৌ-শিক্ষার আধুনিকায়ন, নদী দূষণ ও দখল করা থেকে বিরত থাকা ও রাখা নিশ্চিত করতে হবে। নৌপথকে আরও জনপ্রিয়, আরামপ্রদ ও সাশ্রয়ী করতে পারলে সড়ক ব্যবস্থার উত্তম বিকল্প হিসেবে নৌপথ বিশেষ গুরুত্ব পাবে। নৌপথে আইনের যথাযথ প্রয়োগ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নৌপরিবহন অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখতে হবে।’
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক।
Leave a Reply