তেজগাঁও ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে এক ব্যক্তি জানান যে, তার প্রাইভেটকার চুরি হয়েছে। তাৎক্ষণিকভাবে ৯৯৯ থেকে প্রাইভেটকার চুরির ঘটনাটি জানানো হয় ট্রাফিক কন্ট্রোল রুমে। সকাল ৬টা ৫৫ মিনিটের দিকে খবর প্রাপ্তির পর পরই ট্রাফিক তেজগাঁও বিভাগের সব ট্রাফিক সদস্য প্রাইভেটকারটি উদ্ধারে তাদের তৎপরতা শুরু করেন। সোয়া ৭টার দিকে বিজয় সরণি এলাকায় তখন দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সার্জেন্ট হুমায়ূন রশিদ।
তিনি বলেন, খবর পেয়ে বিজয় সরণির উড়াল সড়কের কাছে একটি সাদা রংয়ের প্রাইভেটকারের নম্বরের সঙ্গে হারিয়ে যাওয়া গাড়ির নম্বরের মিল রয়েছে। দেরী না করে তাৎক্ষণিক চালককে গ্রেপ্তারসহ প্রাইভেটকারটি নিজ হেফাজতে নেন তিনি। ফলে গাড়ি চুরির খবর পাওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চালকসহ গাড়িটি তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়।
জানতে চাইলে তেজগাঁও থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, এ ঘটনায় কোন মামলা হয়নি। গাড়িটি প্রমাণ সাপেক্ষে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্দেহভাজন আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply