বাংলাদেশ রেলওয়েতে ১০ থেকে ১২ হাজার লোক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। নিয়োগের জন্য এ মাসেই বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে জানান তিনি। আজ বৃহস্পতিবার রেলভবনে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে ১৩৭টি স্টেশন বন্ধ রয়েছে লোকবলের অভাবে। আমরা প্রথম ধাপে ১০ থেকে ১২ হাজার লোকবল একসঙ্গে নিয়োগ দেব রেলে, সেই পদক্ষেপ গ্রহণ করেছি। নিয়োগ দেওয়ার পর তাদের প্রশিক্ষণ দেব। আমরা আশা করছি, আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে রেলের জনবল ঘাটতির অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে পারব।
রেলমন্ত্রী বলেন, ট্র্যাকগুলোর আরো আধুনিকায়ন হচ্ছে। আমরা রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। অজুহাত নয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে রেলওয়ে স্টেশন সংলগ্ন আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ বা সংস্কারসহ ওয়াশ (ডব্লউএএসএইচ) ব্যবস্থাপনার উন্নয়ন এবং পারস্পরিক শিখন কর্মসূচির উদ্বোধন করেন রেলমন্ত্রী। তিনি বলেন, স্টেশনগুলোতে পরিবেশ বান্ধব ওয়াশ পরিষেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply