ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে গিয়ে ঘোড়ার আঘাতে আহত হয়ে আব্দুল মান্নান তালুকদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল মান্নান তালুকদার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৬ মার্চ বিকেলে আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের বিদ্যাধর-ব্রাহ্মণ জাটিগ্রাম মাঠে এক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে আলফাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ। পরিবারের সঙ্গে সেখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে যান বৃদ্ধ আব্দুল মান্নান তালুকদার।
ঘোড়দৌড়ের একপর্যায়ে ঘোড়া দৌড়ে অন্যত্র চলে যায়। এ সময় ঘোড়ার পায়ের নিচে পড়ে বৃদ্ধ মান্নান আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply