পুলিশ হেফাজতে ট্রাকচালক লিটনের মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৯ দফা দাবি জানিয়েছেন ট্রাক-কাভার্ড ভ্যান-ট্যাংকলরির মালিক ও শ্রমিকেরা। দাবি আদায় না হলে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
গতকাল বুধবার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানানো হয়। বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক মো. রুস্তম আলী খান। তিনি বলেন, ২ আগস্ট ট্রাকচালক লিটন পুলিশি হেফাজতে মারা যান। একে পুলিশ আত্মহত্যা বলছে। কিন্তু পুলিশি হেফাজতে থেকে কীভাবে একজন কম্বল ছিঁড়ে সেই কাপড় দিয়ে আত্মহত্যা করবেন, তা তাঁদের বোধগম্য নয়। পুলিশের বিবরণ মালিক-শ্রমিকেরা বিশ্বাস করতে চান না।

রুস্তম আলী অভিযোগ করে বলেন, দেশের সড়ক-মহাসড়কে চাঁদাবাজি চলছে। এ চাঁদাবাজির কারণে মালিক–শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। চাঁদাবাজি, হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্যসচিব তাজুল ইসলাম বলেন, চার বছর ধরে বিআরটিএ চালকদের লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে। বর্তমানে প্রায় ১৩ লাখ চালকের লাইসেন্সের আবেদন বিআরটিএতে জমা আছে। লাইসেন্স দেওয়া বন্ধ থাকায় চালকেরা সড়কে নানা অসুবিধায় পড়ছেন। বহুবার বিআরটিএকে এ বিষয়ে বলা হয়েছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সহজ শর্তে লাইসেন্স দেওয়া, পরিবহনের সময় মালামাল চুরি–ডাকাতি–ছিনতাই রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, বর্ধিত আয়কর প্রত্যাহার করে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগ প্রদান, সড়ক-মহাসড়কের পাশে ও প্রত্যেক জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করা, টার্মিনাল ছাড়া সারা দেশের সিটি করপোরেশন–পৌরসভার সড়ক–মহাসড়কে চাঁদা বন্ধ করা, সড়ক-মহাসড়কে হাইওয়ে পুলিশের অধীন তদারকির ব্যবস্থা করা এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিংয়ের ব্যবস্থা করা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান।
Leave a Reply