নতুন করে ফ্লাইট শিডিউল বাড়ানোর ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল রোববার সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এয়ার বাবল চুক্তির আওতায় আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা-কলকাতা রুটে শুরু হবে বিমানের ফ্লাইট। কর্মকর্তারা জানান, ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে চারটি এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার জানান, ঢাকা-কলকাতা রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এবং ঢাকা-দিল্লি রুটে প্রতি বুধ, বৃহস্পতি, শনি, রবি ও সোমবার ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার উদ্দেশে এবং কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় ঢাকার উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১টায় দিল্লির উদ্দেশে এবং দিল্লি থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
১০ বছরের কম বয়সী ব্যতীত অন্য যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদের আরেকবার করোনা পরীক্ষা করাতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ৫ সেপ্টেম্বর থেকে বিমান চলাচল শুরু হয়।
Leave a Reply