ছাদে রাখা পানিতে বংশবিস্তার করছে এডিস মশা। প্রতিটি বাসার ছাদে উঠে মশা খোঁজা কঠিন হয়ে দাঁড়িয়েছে মশক নিধন কর্মীদের। এ সমস্যার সমাধানে অভিনব উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।গতকাল রাজধানীর গুলশানে ড্রোন উড়িয়ে অভিযান চালিয়েছে ডিএনসিসির টিম।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানের নেতৃত্বে স্বাস্থ্য কর্মকর্তা, মশক নিধন কর্মীসহ ড্রোন হাতে দুজন অপারেটর অভিযান পরিচালনা করেন।
গুলশান-২ এর ৭৪ নম্বর রোডের ৫ নম্বর ভবনটি হোটেল প্যারাডাইজ। সুউচ্চ এই ভবনের ১৪ তলার বিশাল ছাদে স্থাপন করা আছে হেলিপ্যাড। সেই হেলিপ্যাডে দাঁড়িয়েই গুলশানের আকাশে উড়ানো হলো ড্রোন।
ড্রোন অপারেটরের হাতে থাকা কন্ট্রোলের পাশাপাশি ডিসপ্লেতে তখন সবার চোখ। গুলশানের আকাশে ড্রোন উড়িয়ে তখন আশপাশের ছাদগুলোতে খোঁজা হচ্ছে মশার উৎপত্তিস্থল। পাশেই খাতা-কলম হাতে নিয়ে দাঁড়িয়ে টিমের অন্য এক সদস্য। এ খাতাতেই মশার উৎপত্তির অস্তিত্ব আছে- এমন ভবনের তালিকা অন্তর্ভুক্ত করা হচ্ছে।
Leave a Reply