এবার পদ্মা সেতু দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। পদ্মা সেতুকে ঘিরে মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। করপোরেশনের ব্যবস্থাপনায় আগামী ২২ জুলাই প্রথমবারের মতো পর্যটকরা পদ্মা সেতুতে যাবে।

পর্যটন করপোরেশন সূত্র জানায়, ইচ্ছা থাকলেও পর্যটকরা এ সেতু ভালো করে দেখার সুযোগ পাচ্ছে না। মানুষের সেই আশা পূরণ করতে করপোরেশন এরই মধ্যে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে। ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে আসন বুকও হয়ে গেছে। তাই করপোরেশন কর্তৃপক্ষ ভাবছে এ প্যাকেজ অব্যাহত রাখতে। তা ছাড়া শোকের মাস আগস্টে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারতসহ পদ্মা সেতু ভ্রমণের প্যাকেজও শিগগিরই ঘোষণা করবে করপোরেশন।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের ভ্রমণ ও রেন্ট এ কারের ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম কালের কণ্ঠকে জানান, অনেকেই পদ্মা সেতুতে গেলেও সংরক্ষিত এলাকা বলে কাছ থেকে সেতু দেখার সুযোগ পাচ্ছে না। পর্যটকরা যাতে সেতুর ওপর থেকে সেতু এবং পদ্মা নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে পারে সে জন্য ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত ২৯ সিটের বাস সার্ভিস চালু করা হচ্ছে। আগামী ২২, ২৩ ও ২৯ জুলাই দুটি করে বাস পর্যটক নিয়ে সেতু ভ্রমণে যাবে। তিনি আরো জানান, ঢাকা থেকে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেস হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে বাস যাবে ফরিদপুরের ভাঙ্গায়। ভাঙ্গার অত্যাধুনিক গোলচত্বরটি দেখার সুযোগ থাকছে এই ভ্রমণে। এরপর ভাঙ্গায় ‘ঘাসবন’ নামের একটি রেস্টুরেন্টে পর্যটকরা বিশ্রাম নেবে। সেখানে তাদের নাশতার ব্যবস্থা থাকবে। সন্ধ্যায় পদ্মা সেতুর বাতি জ্বলে উঠলে বাস ঢাকার উদ্দেশে রওনা হবে।
Leave a Reply