ট্রেনের টিকিট বিক্রিতে দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণ হওয়ায় বাংলাদেশ রেলওয়ের টিকিট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। গতকাল শুনানি শেষে জরিমানার সিদ্ধান্তের কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী মহিউদ্দিন রনিকে পাঁচ কর্মদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। একই সঙ্গে সহজ ডটকম যে সিস্টেমে অপারেট করে, তা কতটা স্বচ্ছ, সেখানে টিকিট কালোবাজারি হচ্ছে কিনা, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করতে বলেছেন তিনি।

তবে এ রায়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন সহজ ডটকমের আইনজীবী মির্জা রাগীব হাসনাত। তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার বলেছেন।
প্রসঙ্গত, রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ছয় দফা দাবিতে ৭ জুলাই থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। তার অভিযোগ, ১৩ জুন বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের টিকিট কেনার সময় টাকা কেটে নেয়া হলেও কোনো আসন দেয়া হয়নি। পরে কমলাপুর রেলস্টেশনে অভিযোগ জানালে সেখান থেকে তাকে ‘সিস্টেম ফল’ করার কথা বলা হয়। পাশাপাশি ১৫ দিনের মধ্যে টাকা না পেলে আবার যেতে বলা হলেও তার বুকিং করা টিকিট স্টেশনের কম্পিউটার অপারেটর আরেক যাত্রীর কাছে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করে দেন। রনির অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার অধিদপ্তর গতকাল শুনানির আয়োজন করে।
Leave a Reply