রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য
বিগত ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে সারা দেশে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১২৩ জনের মৃত্যু হয়েছে। উল্লিখিত সময়ে দেশে যত সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার ৫৬ দশমিক ২ শতাংশই হয়েছে মোটরসাইকেলে। স্বেচ্ছাসেবী সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনের সারসংক্ষেপে বলা হয়, ৫-১৬ জুলাই পর্যন্ত দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১১৯৭ জন। এ সময়ে নয়টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছে এবং ছয়জন নিখোঁজ হয়েছে। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং চারজন আহত হয়েছে।
সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৯৩টি দুর্ঘটনায় ১০৪ জন নিহত হয়েছে। ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম ১৪টি দুর্ঘটনা ঘটেছে এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৭ জন নিহত হয়েছে। একক জেলা হিসেবে টাঙ্গাইল জেলায় সবচেয়ে বেশি ২০ জন নিহত হয়েছে। দুর্ঘটনা সবচেয়ে কম খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, মাগুরা, ঝালকাঠি, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও ঠাকুরগাঁও জেলায়। এ নয় জেলায় স্বল্প মাত্রার কিছু দুর্ঘটনা ঘটলেও কোনো প্রাণহানি ঘটেনি।
Leave a Reply