বাসে যাত্রী তোলার দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে (ঢাকা-মাওয়া) অবরোধ করা হয়। আজ শনিবার সকালে এক্সপ্রেস ওয়ের শ্রীনগর পুরনো ফেরি ঢাকা এলাকায় এ অবরোধ করেন স্থানীয় যাত্রীসাধারণ। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী গাড়ির যানজট লেগে যায়।
সরেজমিনে দেখা যায়, সকাল সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরের পুরনো ফেরিঘাট এলাকায় অসংখ্য যাত্রী জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। পদ্মা সেতু চালু হবার পর ঢাকা-মাওয়া রুটের মুন্সীগঞ্জ-বিক্রমপুরের লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার সাধারণ যাত্রীরা ঢাকায় যাতায়াতে তেমন কোনো বাস পাচ্ছিলেন না। শিমুলিয়া ঘাটের সব বাস এখন দক্ষিণবঙ্গের বিভিন্ন রুটে ঢাকা থেকে সরাসরি চলাচল করছে। ঢাকা-ভাঙ্গা রুটেও কিছু বাস চলছে।

এসব বাসে মাওয়া রুটের যাত্রী উঠতে চাইলে বাস কর্তৃপক্ষ তাদের বাসে তুলছে না। আর তুললেও ভাড়া গুনতে হয় আড়াই শ’ টাকা, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অথচ ঢাকা-মাওয়ার ভাড়া মাত্র ৮০ টাকা। এ নিয়ে দীর্ঘদিন সভা-সমাবেশ হলেও কর্তৃপক্ষের থেকে আশানুরুপ ফল না পাওয়ায় আজ সকালে তারা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে গেলে প্রায় এক ঘণ্টা পরে আবার বাস চলাচল স্বাভাবিক হয়।
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীরা বাসে যাত্রী তোলার দাবিতে সকালে মহাসড়ক অবরোধ করেন। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের বুঝিয়ে ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।
Leave a Reply