মোটরসাইকেল শিল্পে বিরাজমান অস্থিরতা নিরসনে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে শিল্পমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড মানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা) প্রতিনিধিরা।

সম্প্রতি অনুষ্ঠিত এই বৈঠকে বিমামার প্রতিনিধিদলে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিগেরু মাতসুজাকি, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায়, এসিআই মোটরস লিমিটেডের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সিএফও এবং সিএও শাহ মোহাম্মদ আশিকুর রহমান, উত্তরা মোটরস লিমিটেডের সিওও শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে মোটরসাইকেল শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পের উন্নয়ন, প্রতিযোগিতামূলক, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং এই শিল্পের ক্রমবর্ধমান অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিরা শিল্পমন্ত্রীকে অবহিত করেন। সেখানে মোটরসাইকেলের নিরাপদ ব্যবহার নিশ্চিতকল্পে বিমামা এবং সরকারের করণীয় সম্পর্কে আলোচনা হয়।
সম্প্রতি মহাসড়কে মোটরসাইকেল চালানোয় বিধি-নিষেধ, এক জেলার নিবন্ধিত মোটরসাইকেল অন্য জেলায় চালানোর অনুমতি প্রদান না করা, মোটরসাইকেলচালকদের অধিকার আদায়ে রাস্তায় আন্দোলনে নামাসহ নানা কারণে এই শিল্পে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। শিল্পমন্ত্রী এই শিল্পে বিরাজমান সমস্যাগুলো সমাধানে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া বিআরটিএ হতে মূল ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল বিক্রয় বা সরবরাহ না করার নির্দেশনার বিষয়ে আলোচনা হয়।
Leave a Reply