এ বছর মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। ক্রীড়া ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের জন্য বাংলাদেশের এই সংগঠকের হাতে
সম্মাননা তুলে দিয়েছে মাদার তেরেসা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড কমিটি। গতকাল কলকাতায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় তাঁর হাতে।
পেশায় তরফদার মোহাম্মদ রুহুল আমিন ব্যবসায়ী হলেও ক্রীড়া ক্ষেত্রে আছে তাঁর বিশেষ অবদান। তাঁর উদ্যোগে শুরু হয় শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।

চট্টগ্রাম আবাহনীর এই পরিচালক উদ্যোগী হয়ে চট্টগ্রাম আবাহনীর ব্যানারে ২০১৫ সালে শুরু করেন এই টুর্নামেন্ট। সর্বশেষ আসর হয়েছে ২০১৯ সালে। এ ছাড়া তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় সাইফ স্পোর্টিং ক্লাব গত মৌসুমেও খেলেছে প্রিমিয়ার লিগে, যদিও এ বছর তারা নাম প্রত্যাহার করে নিয়েছে প্রিমিয়ার লিগ থেকে। সাঁতার ও দাবা ফেডারেশনের নির্বাহী কমিটিতেও আছেন তরফদার রুহুল আমিন।
গতকাল সাবেক গভর্নর ও বিচারপতি শ্যামল সেনের হাত থেকে এই অ্যাওয়ার্ড নেন বাংলাদেশের এই ক্রীড়া সংগঠক। এ সময় উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি হাই কমিশন ফর বাংলাদেশের কনস্যুলর মোহাম্মদ বশির উদ্দিন।
Leave a Reply