লাইসেন্সবিহীন সাতটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সাতটি সিএনজি স্টেশন বন্ধ করা হয়।
জানা গিয়েছে, তিতাসের ভিজিল্যান্স টিম ও সংশ্লিষ্ট জোনের কর্মকর্তাদের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লাইসেন্স না থাকায় বন্ধ হওয়া সিএনজি স্টেশনগুলোর মধ্যে রয়েছে উত্তর বাড্ডার মক্কা সিএনজি স্টেশন, মধ্যবাড্ডার সিটিজেন সিএনজি স্টেশন, মেসার্স মাহতাব মোটরস সিএনজি স্টেশন, মেটাবিবি-৬ জোনের আওতায় মেসার্স শতাব্দী সিএনজি স্টেশন ও মনি সিএনজি ইনলেট। এছাড়া মেটাবিবি-৫ জোনের আওতায় থাকা লাইসেন্সবিহীন আরো দুটি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সরবরাহ বন্ধ করেছে তিতাস।
বিইআরসির একটি সূত্র জানিয়েছে, তিতাসের অধীনে বর্তমানে সিএনজি ফিলিং স্টেশন রয়েছে ৩৯৬টি। এর মধ্যে ৭০টিরও বেশি বিইআরসি লাইসেন্সবিহীন। এসব স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করতে ২০১৫ সাল থেকে চলতি বছরের ২০ জুন পর্যন্ত দফায় দফায় চিঠি দিয়েছে বিইআরসি।
Leave a Reply