1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

ইউনাইটেড এয়ারের শত কোটি টাকার সম্পদ হাজার কোটি ঋণ

এভিয়েশন এন্ড ইমিগ্রেশন রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

লাভ তো দূরের কথা, বিনিয়োগের সম্পূর্ণ অর্থই হাওয়া। এখন নতুন করে ঋণ ও বকেয়ার টাকা দিতে হবে বিনিয়োগকারীদের। অর্থাৎ শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের শেয়ারে বিনিয়োগ করে ‘আম-ছালা’ দুটোই গেছে তাদের। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল, নতুন পরিচালনা পর্ষদের নেতৃত্বে আবারও ডানা মেলবে ইউনাইটেড এয়ারওয়েজ। পর্ষদ প্রতিষ্ঠানটিকে দাঁড় করাতে আপ্রাণ চেষ্টাও করে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সরকারি প্রতিষ্ঠান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)!
বেবিচকের কাছে ইউনাইটেড এয়ারওয়েজের প্রস্তাব ছিল সারচার্জ (সম্পদ কর) মওকুফ করার। সেই আবেদনও নাকচ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এখন নিয়মানুযায়ী প্রতিষ্ঠানটির বকেয়া ও দায়-দেনা পরিশোধ করতে হবে বিনিয়োগকারীদের।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘প্রতিষ্ঠানটি (ইউনাইটেড এয়ারওয়েজ) আমাদের কাছে সারচার্জ (সম্পদ কর) মওকুফের আবেদন করেছিল। আমরা তা নাকচ করেছি।’
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানে আট বছর ধরে বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজের ডানা কখনও মেলবে না। অথচ বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নতুন করে পর্ষদ ঘোষণা করা হয়। বিনিয়োগকারীদের স্বপ্ন দেখানো হয় যে ব্যবসা পুনরায় চালু হবে। এ খবরে শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ ওই গোষ্ঠী পরে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে বাজার ছাড়ে। আবারও ধোঁকায় পড়েন সাধারণ বিনিয়োগকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ‘ইউনাইটেড এয়ারওয়েজ একটি মৃত প্রতিষ্ঠান। ছয় থেকে আট বছর ধরে পড়ে আছে উড়োজাহাজগুলো। এগুলোর উড্ডয়নের সক্ষমতা নেই। এসব উড়োজাহাজ নিয়ে আর স্বপ্ন না দেখিয়ে ভালো ভালো প্রতিষ্ঠানকে বাজারে আনা জরুরি।’
ইউনাইটেড এয়ারের সারচার্জ (সম্পদ কর) মওকুফের বিষয়ে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘ইউনাইটেড এয়ারওয়েজ ও বিএসইসি চেয়ারম্যান আমাদের কাছে এসেছিলেন। আমি বকেয়া রেখেই ফ্লাইট পরিচালনার সুযোগ দিতে সুপারিশ করেছি।
ইউনাইটেড এয়ারওয়েজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম বলেন, ‘সারচার্জ মওকুফ না হলে পুনরায় প্রতিষ্ঠানটি চালানো সম্ভব নয়। কারণ, ৫৮ কোটি টাকার সুদ ৩৫০ কোটি টাকা হয়েছে। এ কথা শুনে কোনো প্রতিষ্ঠানই বিনিয়োগে আগ্রহ দেখাবে না।’ ‘আমরা শুনেছি আবেদন নাকচ হয়েছে। কিন্তু এখনও কিছুই জানানো হয়নি আমাদের। জানালে কী করণীয় চিন্তা করব।’
ইউনাইটেড এয়ারের বর্তমান অবস্থা : ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হওয়ার পর প্রতিষ্ঠানটির কোনো অফিস নেই। এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী এখন বিদেশে অবস্থান করছেন। তার উত্তরার বাসার অফিসটি তালাবদ্ধ রয়েছে। ফলে বর্তমান পরিচালনা পর্ষদ অনেকটা রাস্তায় রাস্তায় অফিস করছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, পুনরায় চালুর জন্য তারা বিএসইসিতে একটি কর্মপরিকল্পনা জমা দিয়েছেন। সেই লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে গত ছয় বছরের জমে থাকা অডিট রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) করার জন্য উচ্চ আদালত অনুমোদনও দিয়েছে।
ইউনাইটেড এয়ারওয়েজ একটি মৃত প্রতিষ্ঠান। ছয় থেকে আট বছর ধরে পড়ে আছে উড়োজাহাজগুলো। এগুলোর উড্ডয়নের সক্ষমতা নেই। এছাড়া গত ছয় বছরের আর্থিক হিসাবগুলো যাচাই-বাছাইয়ের জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়। নিরীক্ষায় দেখা যায়, প্রতিষ্ঠানটির মোট ঋণ রয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। সম্পদ রয়েছে মাত্র ১০০ কোটি টাকা। তাও কাগজে-কলমে, বাস্তবে আরও কম। অর্থাৎ প্রতিষ্ঠানটিকে যদি স্বেচ্ছায় অবলুপ্তি করা হয় তাহলে বেবিচকের ৪০০ কোটি টাকা, ব্যাংক ঋণের ২০০ কোটি টাকা, কর্মকর্তাদের বেতন, বিদেশি প্রতিষ্ঠানগুলোর পাওনাসহ সব দেনা পরিশোধ করতে বিনিয়োগকারীদের প্রায় ৯০০ কোটি টাকা দিতে হবে।
সম্পদের চেয়ে ঋণের পরিমাণ ১০ গুণ: ২০১৬ সালে বন্ধ হয় ইউনাইটেড এয়ারওয়েজ। বর্তমান পর্ষদ ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে জন্য বিশেষ অডিট রিপোর্ট তৈরি করে। সেখানে দেখা যায়, বর্তমানে ইউনাইটেড এয়ারের বকেয়া, দেনা ও ঋণের পরিমাণ প্রায় এক হাজার কোটি টাকা। অথচ ২০১৫ সালে ছিল ৫৯১ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৬৭২ টাকা। অর্থাৎ ছয় বছরে বেড়েছে প্রায় দ্বিগুণ।
দায়-দেনা বাড়লেও উল্টো কমেছে প্রতিষ্ঠানটি সম্পদ। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির সম্পদের পরিমাণ ছিল ৮৬৭ কোটি ২১ লাখ ৫৪ হাজার ৮৩৭ টাকা। সেখান থেকে প্রায় ৭০০ কোটি টাকা কমিয়ে বিশেষ নিরীক্ষায় সম্পদের মূল্য দেখানো হয়েছে ১০০ কোটি টাকা। মূলত প্রতিষ্ঠানটির উড়োজাহাজগুলোর মূল্য এখানে ধরা হয়েছে। বাস্তবতা হলো, এগুলো যদি নিলামে বিক্রি করা হয় তবে কেজি দরে বিক্রি হবে। এতে মূল্য আরও কমে যাবে।
লভ্যাংশ না দেওয়া এবং এজিএম করতে না পারায় প্রতিষ্ঠানটিকে (ইউনাইটেড এয়ার) পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করে ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) পাঠানো হয়েছে। সেখান থেকে দ্রুত অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) পাঠানো হবে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৮২ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৪৮০টি শেয়ার রয়েছে। যার প্রতিটির বাজার দর এক টাকা ৯০ পয়সা, মালিক দেড় লাখের বেশি বিনিয়োগকারী। নিয়ম অনুযায়ী এখন বিনিয়োগকারীদের প্রায় ৯০০ কোটি টাকা গচ্ছা দিতে হবে।
প্রতিষ্ঠানটিতে (ইউনাইটেড এয়ারওয়েজ) বিনিয়োগ করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেয়ার বিক্রি করে দিয়ে তারা বের হতে না পারলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ, প্রতিষ্ঠানটির মালিক হিসেবে এর লাভ-লোকসান গ্রহণ করতে হবে তাদের। ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালকরা হলেন- মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মোহাম্মদ শাবু নেওয়াজ, সৈয়দ শাহেদ আহমেদ, মাজহারুল হক, জাকির হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, সিদ্দিকা আহমেদ, সোহুল চৌধুরী, মোহাম্মদ আব্দুল মালেক, আহফাজ মিয়া, হাজি সানোয়ার মিয়া, আমিরুল ইসলাম, বদরুল হক চৌধুরী, রাজা মিয়া, খন্দকার মামুন আলী, মোহাম্মদ আশিক মিয়া, খন্দকার তাসলিমা চৌধুরী, মোহাম্মদ শফিকুর রহমান, মদরিস আলী, তুরান মিয়া, খন্দকার ফেরদৌসি বেগম আলী, নিজাম উদ্দিন খান, ড. বিজয় কুমার সাহা, আব্দুল কুদ্দুস কাজল, শাহজাহান এস হাসিব, সৈয়দ চৌধুরী, আজিজুর রহমান, মোহাম্মদ মাহতাবুর রহমান ও খসরুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT