দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (আনমিস) নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮-এ অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর ১০০ জন নৌ সদস্যের প্রথম গ্রুপ গতকাল ভোরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। এ সময় ওভারসিজ নেভাল অপারেশনস পরিদপ্তরের উপপরিচালক কমান্ডার আতিকুর রহমান ভূঁইয়া (সি) বিএন তাদের বিদায় জানান।

এছাড়া ২৫ অক্টোবর দ্বিতীয় গ্রুপের ১০০ জন নৌ সদস্য বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৮-এ যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বলে আশা করা যায়। ওই কন্টিনজেন্টটি বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-৭-এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। বর্তমানে ব্যানএফএমইউ-৭-এর অধীনে ২০০ জন নৌ সদস্য নিয়োজিত রয়েছেন।
আইএসপিআর জানায়, জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের প্রত্যন্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধপত্র ও মানবিক সাহায্য বহনকারী বার্জগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা বিধান, নৌপথের জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ, অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান এবং আহত সামরিক-অসামরিক ব্যক্তিদের উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা প্রদানসহ ডুবুরি সহায়তা প্রদানের কাজ করছে।
দক্ষিণ সুদানে নিয়োজিত ব্যানএফএমইউ কন্টিনজেন্টের সদস্যরা নীলনদের দীর্ঘ ৯৩৮ কিলোমিটার নদীপথে মোট ৫৪টি ‘অপারেশন লাইফলাইন’ অভিযান অত্যন্ত সফলভাবে সম্পন্ন করেছে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় দুই দশকেরও বেশি সময় ধরে নৌবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে চলেছে। নৌবাহিনীর এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করেছে।
এছাড়া দক্ষিণ সুদানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিটটি ২০১৫ সাল থেকে অদ্যাবধি ১ হাজার ৪০০ জন নৌ সদস্য অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছে।
Leave a Reply