রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিশেষায়িত বাসের পথ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পকে গলার কাঁটা বলে আখ্যায়িত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সত্যি বলতে আমাদের একটি প্রকল্প গলার কাঁটা হয়ে গেছে। এটি গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। প্রকল্পটি আমি আসার আগেই নেওয়া হয়েছে। এটি নিয়ে খুব চিন্তা-ভাবনা করা উচিত ছিল। ’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল রবিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। ওই বৈঠকে প্রারম্ভিক আলোচনায় তিনি বিএনপির সমাবেশ, আগামী সংসদ নির্বাচন ও ইভিএম, রিজার্ভ পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকট নিয়েও কথা বলেন।
বিআরটি প্রকল্প প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘এখানে যেভাবে রাস্তার অবস্থান, ড্রেনেজব্যবস্থা খুবই খারাপ। সেখানে এই প্রকল্প কতটা বাস্তবসম্মত—সেই ভাবনায় ঘাটতি ছিল, যে কারণে বিশ্বব্যাংকের প্রস্তাব নাকচ করেছি। তারা বিআরটি প্রকল্প মহাখালী থেকে সদরঘাট পর্যন্ত নেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি বলেছি, তার চেয়ে বরং আপনারা সড়ক নিরাপদ প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করুন। এটা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। ’তিনি বলেন, ‘আমরা এখন ভাবছি, বিআরটির একটা লেন চালু করে দেওয়া যায় কি না। আলোচনা, পরীক্ষা করে দেখা হচ্ছে এক লেন চালু হলে কোনো সমস্যা হবে কি না। বিআরটির সড়ক আগামী মার্চের দিকে খুলে দিতে চাই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন এই ঠিকাদার বদলি করলে কাজ অনেক পিছিয়ে যাবে। নতুন ঠিকাদার নিতে গেলে নতুন করে টেন্ডার করতে হবে। বর্তমানে কাজ ৭০ থেকে ৮০ শতাংশ শেষ হয়ে গেছে। এদের দিয়েই কাজটা শেষ করাতে চাই। তবে এরা বাংলাদেশে আর কোনো কাজ পাবে না।
Leave a Reply