যাত্রীবাহী বাসের চাকা বিস্ফোরণের পর আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। চিটাগাং রোডের বড় ব্রিজের ঢালে গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যাত্রীর (৬৫) নাম ঠিকানা জানা যায়নি। কুমিল্লার হোমনা থেকে মুন্সিগঞ্জের ভবেরচর হয়ে ঢাকাগামী বাসটির যাত্রী ছিলেন তিনি। মৃত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন তার সঠিক তথ্য জানা যায়নি। তবে দূর্ঘটনার পর অন্তত ১১ জনকে ঢামেকে আনা হয়। তাদের মধ্যে মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি কলেজের শিক্ষক নজরুল ইসলাম, আসাদুজ্জামান ও ইলেক্ট্রিশিয়ান অনিলসহ আরো কয়েকজনকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আহতরা জানিয়েছেন, কুমিল্লার হোমনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তারা ভবেরচর থেকে উঠেন। চিটাগাং রোড বড় ব্রিজের পাশে চলন্ত অবস্থায় হঠাৎ চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায় বাসটি। এতে বাসটির চাকা বিস্ফোরিত হয়ে অনেক যাত্রী আহত হয়।
পুলিশ জানায়, আহতদের মধ্যে একটি পিকআপে পাঁচজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে ওই বয়স্ক ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের প্রধান (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহতরা এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। তাদের চিকিৎসা চলছে। নিহতের নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply