অভ্যন্তরীণ উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে ৫ টাকা কমিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েল ১২৫ টাকা দরে বিক্রি হবে, যা আগে ছিল ১৩০ টাকা।
গতকাল বিপিসি নতুন দাম ঘোষণা করে, যা আজ থেকে কার্যকর হবে। অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি কিছুটা কমানো হয়েছে আন্তর্জাতিক গন্তব্যের জন্য ব্যবহূত জেট ফুয়েলের দাম। এক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ ডলার থেকে ৪ সেন্ট কমিয়ে ৯৬ সেন্ট করা হয়েছে। এর আগে গত ২৬ অক্টোবর অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯ সেন্ট কমিয়ে ১ ডলার করে বিপিসি।

তবে জেট ফুয়েলের দাম ৫ টাকা কমলেও এতে খুশি হতে পারেনি দেশী এয়ারলাইনসগুলো। দেশী এভিয়েশন অপারেটরদের জোট বাংলাদেশ এভিয়েশন অপারেটর অ্যাসোসিয়েশনের (এওএবি) সেক্রেটারি জেনারেল মো. মফিজুর রহমান গণমাধ্যমকে জানান, জেট ফুয়েলের দাম লিটারে ১ টাকা কমলেও আমাদের জন্য অনেক। আমাদের দিক থেকে যেহেতু দাম কমানোর বিষয়ে এক ধরনের চাপ ছিল, তাই অনেকটা রুটিন হিসেবে এটি কমিয়েছে বিপিসি। এটাকে ঠিক কমানো বলা যাবে না, বরং সমন্বয় বলা যেতে পারে। তবে আমরা যে পর্যায়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে বলেছিলাম, সেটা করা হয়নি। ফলে এটা আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এর আগে, ৬ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের কাছে দাম সমন্বয় এবং বেসরকারি তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান পারটেক্স পেট্রোলিয়ামের কাছ থেকে সরাসরি জেট ফুয়েল কেনার অনুমতি চেয়ে চিঠি দেয় এওএবি। সেই চিঠির জবাবে এ সিদ্ধান্ত এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেট ফুয়েল সাধারণত আমদানি করে বিপিসি। আর তা এককভাবে এয়ারলাইনসগুলোয় সরবরাহ করে পদ্মা অয়েল। সম্প্রতি প্রথম বাংলাদেশী প্রতিষ্ঠান হিসেবে জেট ফুয়েল উৎপাদন শুরু করেছে বেসরকারি একটি প্রতিষ্ঠান। এয়ারলাইনসগুলোর হিসাব অনুযায়ী, দেশে প্রতিদিন নয় হাজার ব্যারেল জেট ফুয়েলের চাহিদা রয়েছে।
Leave a Reply