এখন থেকে ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বুধবার থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন তারা ঘরে বসেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র পরীক্ষা দিতে আবেদনকারীকে বিআরটিএতে যেতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন। দুর্ঘটনা রোধে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধে নজরদারি থাকবে কিনা— প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, অতটা ক্লোজলি মনিটরিং করতে পারব না। বাস্তব ইমপ্লিমেন্টটা আমাদের দেখতে হবে। আগেই বলে রেখেছি জনবল নেই। তারপর আমাদের মনিটরিংয়ে চলছে। এটা চলমান আছে।
তিনি বলেন, ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা- সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে নিবিড় নজরদারি করা হবে। হাইকোর্টের নির্দেশনা আছে মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে না। তাই আমরা এই পাঁচ মহাসড়ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।

জাতীয় মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের প্রস্তাব অনুমোদন করেনি জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। এ বিষয়ে কাউন্সিল সভাপতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছি। জনবহুল বাংলাদেশে বহু বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছে মোটরসাইকেল। নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে।
Leave a Reply