মেট্রো রেল চালুর আগেই ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। কিলোমিটারপ্রতি ভাড়া ও সর্বনিম্ন ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি তুলেছে সংগঠনটি। গতকাল শনিবার সকালে নগরীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবি জানান।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, আর্থ-সামাজিক অবস্থা, মাথাপিছু আয় ও গড় জিডিপি বিবেচনায় নিলে ঢাকা ও ভারতের কলকাতা শহরের সব সূচকে প্রায় সমান। কিন্তু কলকাতার মেট্রো রেলের তুলনায় ঢাকার মেট্রো রেলে কিলোমিটারপ্রতি ভাড়া দ্বিগুণ। আর সর্বনিম্ন ভাড়া চার গুণ। এতে যাত্রীস্বার্থ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কলকাতায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া পাঁচ রুপি বা ছয় টাকা। আর ঢাকায় মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। কলকাতায় সর্বোচ্চ ভাড়া ২৫ রুপি বা ৩১ টাকা। ঢাকায় সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা। কলকাতায় পাঁচ রুপি বা ছয় টাকা দিয়ে দুই কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়, ১০ রুপিতে পাঁচ কিলোমিটার, ১৫ রুপিতে ১০ কিলোমিটার, ২০ রুপিতে ২০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করা যায়। ২০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য সর্বোচ্চ ২৫ রুপি বা ৩১ টাকা লাগে। বাংলাদেশে উত্তরা থেকে মতিঝিল ২০ কিলোমিটার পথে মেট্রো রেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
পাকিস্তানের লাহোরে অরেঞ্জ লাইন মেট্রো রেলের সর্বনিম্ন ভাড়া ২০ পাকিস্তানি রুপি বা বাংলাদেশি মুদ্রায় ৯ টাকা। ২৭ কিলোমিটার দূরত্বের জন্য সর্বোচ্চ ৪০ রুপি বা বাংলাদেশি মুদ্রায় ১৮ টাকা লাগে। লাহোরের মেট্রোতে প্রথম চার কিলোমিটার ২০ রুপি বা ৯ টাকা।
Leave a Reply