ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে গত ১৯ ডিসেম্বর পর্যন্ত কেবল ই-পাসপোর্টের আবেদন জমা আছে ৬ লাখ ৪৮ হাজার ৩২১টি। এছাড়া এমআরপি ৮৭ হাজার ৯১৪টি এবং এমআরভির আবেদন জমা রয়েছে ৪৫ হাজার ৯২৯টি। একই সময়ের মধ্যে ইস্যু হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ২৪১টি ই-পাসপোর্ট, ১ লাখ ৬ হাজার ৪০৪টি এমআরপি পাসপোর্ট ও ৫০ হাজার ৯২৯টি এমআরভি পাসপোর্ট।

জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপিত এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ঢাকা পশ্চিমাঞ্চল পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ কেন্দ্র (মোহাম্মদপুর) বিষয়ে সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ২০১৬ সালে ঢাকা পশ্চিমাঞ্চল পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। ২০২২ সালের ৩০ মে ৬ হাজার ৫০০ বর্গফুট আয়তনবিশিষ্ট বেসরকারি বাড়ি ভাড়া করার জন্য ছাড়পত্র দেয়া হয়। একই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকা পশ্চিমাঞ্চল পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ কেন্দ্রকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) রূপান্তর করতে সরকারি আদেশ জারি করা হয়। ওই নির্দেশনা অনুযায়ী, মায়ের দোয়া নামে মোহাম্মদপুরের বছিলা রোডের ৬৯৮/৪ নম্বর ঠিকানার পাঁচতলাবিশিষ্ট বাড়িটি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। বাড়ির মালিকের সঙ্গে ইজারা চুক্তি সম্পাদনে প্রশাসনিক অনুমোদনের জন্য সুরক্ষা সেবা বিভাগে চিঠিও পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৬ সালে ঢাকা পূর্বাঞ্চল পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ কেন্দ্রের (বনশ্রী) জন্য প্রশাসনিক অনুমোদন দেয়া হয়। ২০২২ সালের ৩০ মে ৬ হাজার ৫০০ বর্গফুট আয়তনবিশিষ্ট বেসরকারি বাড়ি ভাড়া করার জন্য ছাড়পত্র দেয়া হয়। ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকা পূর্বাঞ্চল পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণ কেন্দ্রকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (বনশ্রী) রূপান্তর করতে সরকারি আদেশ জারি করা হয়। ঢাকার মতিঝিলে বাংলাদেশ বিমান ভবনের চতুর্থ তলায় ১০ হাজার ৫০০ বর্গফুটের স্থান ভাড়া নিয়ে নয়টি থানার সমন্বয়ে ঢাকা পূর্বাঞ্চল নামের আরো একটি অফিস স্থাপনের কাজ চলমান। বিমানের বাড়ি ভাড়ার জন্য টেন্ডারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একমাত্র দরদাতা প্রতিষ্ঠান হিসেবে টেন্ডার দাখিল করেছে। বিষয়টি বিমানের বোর্ডসভায় চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশে-বিদেশে পাসপোর্ট বিতরণ ব্যবস্থায় তৈরি হওয়া পাসপোর্ট ডাক অধিদপ্তর কর্তৃক বিশেষ পরিষেবা হিসেবে দেশের ভেতরে বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোয় পৌঁছে দেয়ার লক্ষ্যে ডাক বিভাগের সঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মধ্যে ২০১৪ সালে সমঝোতা স্মারক সই হয়। চুক্তি অনুযায়ী দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট পাঠানো ও বিতরণ করা হচ্ছে। বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের সুবিধার্থে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৭ সালে বেসরকারি কুরিয়ার সার্ভিস ফেডেক্স এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মধ্যে একটি চুক্তি হয়। ফলে বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের কাছেও দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট পাঠানো ও বিতরণ করা হচ্ছে।

ই-গেট স্থাপন কার্যক্রমের অগ্রগতির তথ্যও তুলে ধরা হয় প্রতিবেদনে। সেখানে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ পর্যন্ত ১২টি আগমন এবং ১২টি বহির্গমন ই-গেট পরিচালন কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ভিআইপি লাউঞ্জে দুটি ই-গেট স্থাপন করা হয়েছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি ই-গেট পরিচালন কার্যক্রম শুরু হয়েছে। সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি, বেনাপোল স্থলবন্দরে দুটি এবং বাংলাবান্ধা স্থলবন্দরে দুটি ই-গেট স্থাপন করা হয়েছে, যা পরিচালন কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে। এছাড়া ২২টি ইমিগ্রেশন চেকপোস্টে স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ কার্যক্রম শুরুর কার্যক্রম চলমান। উৎস : বনিক বার্তা।
Leave a Reply