দক্ষিণ এশিয়ার প্রথম নদী তলদেশের বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজ প্রায় শেষ হওয়ার পথে। নির্মান কাজের অগ্রগতি ৯৬.৫ শতাংশে পৌঁছেছে।

প্রকল্প পরিচালক (পিডি) মো. হারুনুর রশিদ চৌধুরি বলেন, ‘টানেলটি দুটি শহরের একটি নগরীতে পরিণত হবে এবং কর্ণফুলী নদীর তলদেশে নির্মিয়মান প্যাসেজওয়েটি খুব শিগগিরই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। টানেল নির্মাণের ৯৬.৫ শতাংশের বেশি কাজ শেষ হয়েছে এবং মেকানিক্যাল কমিশনিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে অ্যাপ্রোচ রোডের নির্মাণ কাজ শেষ হয়েছে।’

হারুন বলেন, ‘টোল প্লাজা সংক্রান্ত ক্রস প্যাসেজ ও টানেলের নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। দুইটি টিউবের চার লেনের কাজ শেষ ছাড়াও অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষ পর্যায়ে রয়েছে। টানেলের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে।’
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশের প্রথম টানেলটি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক নতুন যুগের সূচনা করবে। একবার টানেলটি চালু হলে, এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের জন্য একটি গেম চেঞ্জার হবে, যা দেশের বাকি অংশের সঙ্গে সংযোগ সমস্যার সমাধান করবে।’
তিনি আরো বলেন, ‘মাল্টিলেন টানেলটি সরাসরি চট্টগ্রাম বন্দরকে আনোয়ারা উপজেলার সাথে সংযুক্ত করবে এবং টানেলটি চট্টাগ্রাম ও কক্সবাজারের মধ্যে যোগাযোগকে আরো সহজ করবে বলে আশা করা হচ্ছে। টানেলটি কর্ণফুলী নদীর উপর শাহ আমানত সেতুসহ দুটি সেতুতে যানজটও কমিয়ে দেবে।’
Leave a Reply