1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

মোটরসাইকেল চলাচল নীতিমালা নিয়ে অনেক প্রশ্ন

মো. আসাদুজ্জামান
  • আপডেট : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

সম্প্রতি বাংলাদেশে মোটরসাইকেল চলাচল নীতিমালা-২০২৩-এর খসড়া প্রকাশিত হয়েছে। এই নীতিমালা সড়ক পরিবহন আইন ২০১৮-এর ১২৪ ধারার আলোকে (সরকারের আদেশ প্রদান, নীতিমালা প্রণয়ন, ইত্যাদির ক্ষমতা) করা হয়েছে। দুঃখজনক হলো, নীতিমালায় রয়েছে কিছু অবাস্তব ও বিশেষ শ্রেণিকে সুবিধা প্রদানের অপকৌশল।
এই নীতিমালা প্রণয়ন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিবের নেতৃত্বে ৯ সদস্যের কমিটি। কমিটিতে ছিলেন– বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রতিনিধিগণ। এর লক্ষ্য মূলত সড়কপথে দুর্ঘটনা হ্রাস করা। অথচ তা প্রণয়নে যাত্রীসেবার সঙ্গে সংযুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান যেমন রোড সেফটি ফাউন্ডেশন, যাত্রী কল্যাণ সমিতি, বাইকারদের বিভিন্ন সংগঠন বা প্রতিনিধি, বাংলাদেশে বাইক ইমপোর্ট কোম্পানির সংস্থা, বাইক উৎপাদন ও অ্যাসেম্বল প্রতিষ্ঠান, বিভিন্ন বাইক কোম্পানির প্রতিনিধি– কাউকে রাখা হয়নি। এদের সঙ্গে পরামর্শ বা আলোচনা ছাড়া এ রকম নীতিমালা কতটা কার্যকর হবে?
দেশে ৪০ লাখের অধিক বাইক ব্যবহারকারী আছে। যাদের জন্য নীতিমালা প্রণয়ন করা হবে, তাদের অংশগ্রহণের সুযোগ রাখা দরকার ছিল। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৮ ধারা অনুযায়ী জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক সাধারণত দ্রুতগতির মোটরযান চলাচলে ব্যবহৃত হওয়ার কথা। কিন্তু এই আইনে কোনো সি.সি. লিমিট করা নেই।
মোটরবাইক মূলত দ্রুতগতির যানবাহন হিসেবে ধরা হয়। মহাসড়কে ৮০ কি.মি. গতির বিষয়টি ঠিক আছে। কারণ, যাঁরা নিরাপদ বাইক ভ্রমণ করেন তাঁরাও নিজের নিরাপত্তার জন্য ৮০ কি.মি. গতিতে বাইক চালান না। রাজধানী বা শহরের বাইকের গতি ৩০-৬০ কি.মি.তে নিয়ন্ত্রণ করা অবাস্তব ব্যাপার। রাজধানীর ফ্লাইওভারে যেখানে বাস ১০০ কি.মি. গতিতে চলবে, সেখানে বাইক ৩০ কি.মি. গতিতে চললে দুর্ঘটনার হার বৃদ্ধি পাবে। আর শহরে যানবাহনের চাপে গাড়ির গতি ৩০-৪০ কি.মি.র বেশি হয় না। আবার সব শহরের ধরন এক নয়। বিভাগীয় শহরে ইজিবাইক, সিএনজি অটোরিকশা, মোটরচালিত রিকশা ৩০ কি.মি.র বেশি গতিতে চলে, যা নিয়ন্ত্রণের অযোগ্য। ৩০ কি.মি. গতিতে বাইক চালালে অন্যান্য যানবাহনের সঙ্গে দুর্ঘটনা ঘটবে। অন্যান্য যানবাহনের গতি নির্ধারণ না করে শুধু বাইকের গতি নির্ধারণ করে দিলে সুফল আসবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, মহাসড়কে ১২৬ সিসির কম ক্ষমতাসম্পন্ন বাইকের ওপর নিষেধাজ্ঞা। হ্যাঁ, কম সিসির বাইকগুলোকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী। কারণ, মহাসড়কের উচ্চ সিসির পরিবহনের চলার পথে এদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশে কয়টা মহাসড়ক আছে? বাংলাদেশের আঞ্চলিক মহাসড়কগুলোতে ভ্যান, নছিমন, করিমন, ইজিবাইক, সিএনজি অটোরিকশা, রিকশা চলাচল করে। এসব মহাসড়কে বাজার বসে; রয়েছে যত্রতত্র পার্কিং। ফলে শুধু ১২৬ সিসির নিচের বাইক নিষিদ্ধ করে কর্তৃপক্ষ হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারে, কিন্তু দুর্ঘটনা তাতে রোধ হবে না।
খসড়ায় বলা হয়েছে, আরোহী নিয়ে বাইক চালানো যাবে না। অথচ সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪৯ ধারার ১ উপধারার দফা ছ অনুসারে, চালকসহ একজন অর্থাৎ দু’জন বাইকে আরোহী হতে পারবে। আরোহী নিয়ে চলাচল বন্ধ করার উদ্দেশ্য হলো রাইড শেয়ারিং পেশাকে বন্ধ করা। রাজধানী শহরে যাত্রীরা গণপরিবহন এড়িয়ে রাইড শেয়ারিং ব্যবহার করার ফলে গণপরিবহন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে যাত্রীরা উপকৃত হয়। এদিকে রাইড শেয়ারিং নীতিমালাও কিন্তু পাস হয়ে আছে।
শুধু বাইক চলাচল নীতিমালা করে সড়ক দুর্ঘটনা বন্ধ করা সম্ভব হবে না। মোটরসাইকেল চলাচল নীতিমালা-২০২৩ পাস ও কার্যকর করার আগে এর সফলতা বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা উচিত। নইলে অন্যান্য নীতিমালার মতো এটা শুধু নীতিমালা হয়েই থাকবে এবং দুর্নীতির নতুন খাত খুলে দেবে।

মো. আসাদুজ্জামান : সহকারী অধ্যাপক, খুলনা বিশ্ববিদ্যালয়। asad@lwa.ku.ac.bd

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT