ঈদুল ফিতর উপলক্ষে আগাম ঈদযাত্রার ৫ দিনে (১৭ থেকে ২১ এপ্রিল) সারা দেশে বাংলাদেশ রেলওয়ে ২ লাখ ১৪ হাজার ৯৭৩ জন যাত্রী পরিবহন করেছে। এসব যাত্রী পরিবহন করে রেলওয়ের আয় হয়েছে ৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার ৮০৯ টাকা।

আজ রোববার (৩০ এপ্রিল) রেল ভবনে ঈদ পরবর্তী রেল ব্যবস্থাপনা সংক্রান্ত মূল্যায়ন সভায় এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী।
সভায় রেলের অতিরিক্ত মহাপরিচালক কয়েকটি ঈদের যাত্রী পরিবহন ও আয়ের চিত্র তুলে ধরে বলেন, ২০২২ সালের ঈদুল ফিতরে ঈদযাত্রায় ঢাকা থেকে পাঁচ দিনে যাত্রী পরিবহন হয় ১ লক্ষ ৭৫ হাজার ৯৬৩ জন এবং আয় হয় ৫ কোটি ১৯ লক্ষ ৬১ হাজার ৪৭৮ টাকা। একই বছর ঈদুল আযহায় ঢাকা থেকে যাত্রী পরিবহন হয় ১ লক্ষ ৯৫ হাজার ৫১৯ জন এবং আয় হয় ৫ কোটি ৬১ লক্ষ ৩৩ হাজার ৫৪৭ টাকা।
সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ঈদযাত্রা সফল হওয়ায় রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এবার ঈদুল ফিতর উপলক্ষে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির ফলে ভোগান্তি কম হওয়া এবং সিডিউল বিঘ্ন না ঘটায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

মন্ত্রী আরো বলেন, দেশ এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি রেল ব্যবস্থাও এগিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে একে ধীরে ধীরে উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে হবে। রেলওয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি রেল পরিচালনায় পরিবর্তন আনা হচ্ছে। রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প এ বছরই উদ্বোধন করা হবে। রেলে নতুন নতুন ইঞ্জিন, কোচ সংযুক্ত হচ্ছে, নতুন ডাবল লাইন করা হচ্ছে। যাত্রী সেবা বৃদ্ধির জন্য নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
আলোচনায় অংশগ্রহণকারী সবাই এবারের টিকেট বিক্রির পদ্ধতিকে স্বাগত জানান এবং আগামী ঈদগুলোতেও একইভাবে শতভাগ অনলাইনে দেয়ার প্রস্তাব করেন।
Leave a Reply