মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে ঢিল ছোড়ার অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক মামলার এজহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এদিন ধার্য করেন।
জানা গেছে, মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাওয়ার পথে রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঢিল মেট্রোরেলের জানালায় আঘাত হানে। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার রাতে মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদি হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলা করেন। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
Leave a Reply