1. paribahanjagot@gmail.com : pjeditor :
  2. jadusoftbd@gmail.com : webadmin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
র‌য়্যাল এনফিল্ডের ৩৫০ সিসির নতুন ৪ বাইকের যত ফিচার ঝালকাঠি থেকে ১১ রুটে বাস চলাচল বন্ধ বাংলাদেশের এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ১০ দেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হলেন স্টার লাইনের হাজী আলাউদ্দিন তরুণরা ট্রাফিক নিয়ন্ত্রণে নামুক আবার পেট্রোনাস লুব্রিক্যান্টস বিক্রি করবে মেঘনা পেট্রোলিয়াম অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে ভারতীয় সব ভিসা সেন্টার বন্ধ মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক : নিরাপদ আশ্রয়ে পালাচ্ছেন অনেকেই বাস ড্রাইভার নিকোলাস মাদুরো আবারও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইউএস-বাংলার দশম বর্ষপূর্তি : ২৪ এয়ারক্রাফট দিয়ে দেশে বিদেশে ২০ গন্তব্যে ফ্লাইট পরিচালনা

শীতলক্ষ্যা নদীতে অয়েল ট্যাংকারে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ আটজন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তেলের জাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টার দিকে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে গাজী ব্রিজ সংলগ্ন দড়িকান্দির কিংফিসার ডকইয়ার্ডে ‘ওটি সাংহাই-৮’ নামের জাহাজে এ বিস্ফোরণ ঘটে।
এ সময় আগুন থেকে দগ্ধ হওয়াদের মধ্যে রয়েছেন জাহাজটির স্টাফ আবদুল মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)। গতকাল ইছাপুরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে রাত ২টার দিকে হঠাৎ করে আগুন লেগে যায় ওই জাহাজে। আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় উঠে যায়। এ সময় জাহাজে থাকা শ্রমিকরা দগ্ধ হন।
তাৎক্ষণিক দগ্ধ শ্রমিকদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ওই জাহাজের আগুন নেভায়। ঘটনার পর থেকে সাংহাই জাহাজের ম্যানেজার আকবর আলী পলাতক রয়েছেন। জাহাজটির স্টাফ আবদুল মান্নান রাহাদ জানান, তারা জাহাজটিতে চট্টগ্রাম থেকে নরসিংদীতে তেল নিয়ে যান।
সেখানে তেল আনলোড করে জাহাজটি নিয়ে রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে তাদের ডকইয়ার্ডে ভেড়ান। রাত ২টার দিকে তারা যখন জাহাজটির ডেকের ওপরে ছিলেন তখন ইঞ্জিনরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাদের শরীরে মুহূর্তে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তারা নদীতে লাফিয়ে পড়েন। এরপর সাঁতরে পাড়ে ওঠেন।
তখন সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম বলেন, জাহাজের আগুনের ঘটনায় মোট আটজন রোগীকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জন ভর্তি রয়েছেন। তাদের চারজনেরই শ্বাসনালি পুড়ে গেছে। ভর্তি ছয়জনের সবার অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসকরা জানান, হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ, তাজুলের ৬৭, ইমতিয়াজের ৩০, রুবেলের ৪৫, সোহেলের ৪৫ শতাংশ পুড়ে গেছে। আর প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে রাকিব, রাহাদ ও নাজমুলকে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (রূপগঞ্জ) মো. আলম জানান, তেলের ট্যাংকারের পাম্প হাউসে বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© 2020, All rights reserved By www.paribahanjagot.com
Developed By: JADU SOFT