চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসে চলন্ত অবস্থায় বাফার শেঙ্ক ভেঙে বগি আলাদা হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানান, মেরামত শেষে বেলা পৌনে ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কেউ হতাহত হননি।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনের ১৩১০ ও ১৩০৫ নম্বর বগি চলন্ত অবস্থায় আলাদা হয়ে যায়। পেছনের দিকের ওই দুটি বগির সংযোগস্থলের যন্ত্র ভেঙে খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আখাউড়া রেলওয়ে জংশনের টিএক্সআর কার্যালয়ে দায়িত্বরতরা বগি দুটি সংযোগ করলে আবার যাত্রা করে ট্রেনটি।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (হেড টিএক্সআর) মো. শামীম আহমেদ জানান, ট্রেনের দুই বগির মাঝখানের বাফার শেঙ্ক ভেঙে যায়। মেরামত করতে ২০ মিনিটের মতো সময় লেগেছে।
Leave a Reply