সড়ক ও মহাসড়কে দুর্ঘটনার ৩৫ শতাংশ ঘটে এর বিপজ্জনক বাঁক ও ক্রসিংয়ে। নানা পদক্ষেপ নেওয়া সত্ত্বেও এই দুর্ঘটনা কমছে না। তাই সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে মহাসড়কের বাঁক সোজা করার সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এনামুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মো. ছলিম উদ্দীন তরফদার, রাবেয়া আলীম ও মেরিনা জাহান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্রে জানা যায়, সরকারের নানামুখী উদ্যোগ সত্ত্বেও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে না আসায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। তাঁরা বলেন, রাস্তার বাঁকগুলোতে গাছপালার জন্য দেখতে অসুবিধা হয়, সতর্কতামূলক চিহ্ন পর্যাপ্ত থাকে না এবং বাঁকে রাস্তা যথেষ্ট প্রশস্তও থাকে না। ফলে বাঁকগুলোতে নানামুখী দুর্ঘটনা ঘটে।
তাই সড়ক দুর্ঘটনা কমাতে মহাসড়কের বাঁকগুলো যথাসম্ভব সোজা করতে হবে। একই সঙ্গে মহাসড়কে নছিমন-করিমন চলাচল বন্ধ এবং একমুখী যান চলাচলের যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন তাঁরা।

বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহির আলোকে কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে ময়মনসিংহের কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া র্যাপিড পাস ও মেট্রো পাস নগদ বা বিকাশের মাধ্যমে সহজে রিচার্জের ব্যবস্থা করা এবং মেট্রো রেলস্টেশনের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
Leave a Reply