লোহিত সাগরের ইয়েমেন উপকূলে নৌযানের কাছাকাছি আবারও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একটি ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সাগরের নৌযান চলাচলের রুটে পৃথক দুটি ঘটনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস অথরিটি এক সতর্কবার্তায় বলেছে, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল হোদেইদাহ থেকে ৫০ নটিক্যাল মাইলে একটি নৌযানের ৫ নটিক্যাল মাইলের মধ্যে দুটি বিস্ফোরণের আগে দুটি মনুষ্যবিহীন উড়োজাহাজের উপস্থিতি শনাক্ত হয়েছে।

তারা আরও বলেছে, পৃথক ঘটনায় আরেকটি নৌযানের চার নটিক্যাল মাইল দূরত্বের মধ্যে একটি বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র দেখা গেছে। একই নৌযানের আধা নটিক্যাল মাইল দূরে আরেকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, দুটি বিস্ফোরণের ঘটনা একই নৌযান ঘিরে হয়েছে কি না তা স্পষ্ট নয়। ব্রিটিশ মেরিটাইম কর্তৃপক্ষ নৌযানের নাম উল্লেখ করেনি। উভয় ঘটনায় নৌযান ও ক্রুরা নিরাপদ আছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়নি ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলগামী বা ইসরায়েল সংশ্লিষ্ট নৌযানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। প্রায় প্রতিদিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বাব আল-মান্দাব প্রণালিতে নৌযান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বড় কয়েকটি জাহাজ কোম্পানি। সোমবার ব্রিটিশ কোম্পানি বিপি লোহিত সাগর এড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তাদের হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র একটি বহুজাতি মেরিটাইম নিরাপত্তা উদ্যোগ ঘোষণা করেছে।
Leave a Reply